বকেয়া বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এক জরুরি সভায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সংগঠনের যুগ্ম আহবায়ক ড. আবু কালাম মোহাম্মদ ফরিদ-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় নেতৃবৃন্দ জানান, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে উপাচার্য তাদের ৭ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরাও এই কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানোয় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
