ঢাকায় পাকিস্তান হাই কমিশনে চুরি হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কয়েকদিন আগে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কনস্যুলার শাখায় চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয়ের চোরেরা কয়েকটি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। বিষয়টি তাত্ক্ষণিকভাবে বাংলাদেশ পুলিশকে জানিয়ে একটি এজাহার দায়ের করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। কূটনীতিক পাড়ায় কড়া নিরাপত্তার মধ্যে এ ধরনের চুরির ঘটনা খুবই উদ্বেগের। ঢাকা ও ইসলামাবাদে বাংলাদেশের কর্তৃপক্ষকে এর কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এটা বলা হয়েছে যে, ‘হোস্ট কান্ট্রি’ হিসেবে পাকিস্তান হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশেরই দায়িত্ব। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন জানাতে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমরা।
জানা গেছে, ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানকে সোমবার ডেকে নিয়ে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।
