ভারতের ফুটবল দলের কোচ হলেন ক্রোয়েশিয়ার হয়ে ১৯৯৮ বিশ্বকাপ খেলা ইগর স্টিম্যাক। গতকাল বুধবার টুইটার বার্তায় এ তথ্য জানায় ভারতীয় ফুটবল ফেডারেশন। দুবছরের জন্য
সুনীল ছেত্রীদের সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে ৫১ বছরের এই কোচকে।
ইগরের প্রথম দায়িত্ব হবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য কিংস কাপ।
এ পদে স্টিফেন কনস্ট্যানটাইনের স্থলাভিষিক্ত হলেন তিনি। কনস্ট্যানটাইনের কোচিংয়ে এশিয়ান কাপে দুর্দান্ত খেলার পরও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। তিনি পাঁচবছর এ দায়িত্বে ছিলেন। এরপর জানুয়ারিতে দায়িত্ব ছাড়েন স্টিফেন। তারপর থেকেই পদটি খালি ছিল।
কনস্টানটাইন দুই দফায় ভারতের কোচ ছিলেন। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে ভারতের জাতীয় ফুটবল দলের দায়িত্বে নেন। এর আগে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথম দফায় দায়িত্ব পালন করেছিলেন ব্রিটিশ এই কোচ। পরের দফায় তার কোচিংয়েই ভারত ফিফার বিশ্ব র্যাংকিংয়ে ১৭৩ থেকে ৭৬ এ পৌঁছেছিল।
নতুন কোচ ইগরের অভিজ্ঞতা ১৮ বছরের। ২০১৪ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এর আগে ১৯৯৮ সালে বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এছাড়া ১৯৯৬ সালের উয়েফা চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে খেলা দলটিতেও ছিলেন ইগর।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেছেন, ‘ব্লু টাইগার হিসেবে অভিহিত ভারতীয় ফুটবল দলের জন্য ইগরই সঠিক কোচ। আমি তাকে স্বাগত জানাই। ভারতীয় ফুটবল এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আশাবাদী, ইগরের বিশাল অভিজ্ঞতা ভারতীয় ফুটবলকে আরো উঁচুতে নিয়ে যেতে সাহায্য করবে।’
