গড়াই নদীতে প্রতিদিন প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। এককালে পদ্মার পাশাপাশি গড়াই নদীতে বর্ষাকালে প্রচুর ইলিশ ধরা পড়ত। ফারাক্কা বাঁধের পর ইলিশের বিচরণ বন্ধ হয়ে যায়। গত কয়েক বছর নতুন করে এ নদীতে ইলিশ মিলছে। এ ইলিশের সাইজ ৩শ’ গ্রাম থেকে ৮শ’ গ্রাম পর্যন্ত। মত্স্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের সহকারী পরিচালক ড. নির্মল চন্দ্র রায় বলেন, গড়াইতে ইলিশ পাওয়া ভাল লক্ষণ। জাটকা শিকার নিষিদ্ধ, সংরক্ষণ ও মত্স্য আইন কার্যকর করায় দেশে ইলিশের সংখ্যা বেড়ে গেছে। তাই ফিডিং মাইগ্রেশন করছে গড়াই নদী দিয়ে উজান বরাবর। বৃষ্টি হলে আরো বেশি পরিমাণ ইলিশ গড়াইতে ধরা পড়বে বলে তিনি জানান।
