চলন বিলাঞ্চলে নৌকায় চলছে অশ্লীলতা ও জুয়া

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৮
চাটমোহরসহ চলন বিলাঞ্চলে পিকনিক আর বিনোদনের নামে চলছে চরম অশ্লীলতা ও জমজমাট জুয়া। নৌকার মধ্যে এক শ্রেনীর লোক নর্তকিদের উলঙ্গ নাচ ও বিশেষ মনোরঞ্জনে মত্ত হচ্ছে। জুয়া খেলা ও নৌকায় পতিতা বৃত্তি চালিয়ে উঠতি যুবকদের বিপথগামী করছে জুয়া ও নারী ব্যবসায়ীরা। তাঁরা প্রভাবশালী ব্যক্তি আর থানা পুলিশ ম্যানেজ করেই এসব করে যাচ্ছে বলে এলাকাবাসি অভিযোগ করেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিনই চাটমোহরের ছাইকোলা, মির্জাপুর, চর মথুরাপুর, বওসা, বোয়ালমারী ও ভাঙ্গুড়ার অষ্টমনিষা ও রুপসী ঘাট হতে পিকনিক অথবা বিনোদন ভ্রমণের নামে নৌকা ভাড়া করে এক শ্রেণির মানুষ দিনভর চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। এ সকল নৌকায় মাইক কিংবা সাউন্ড বক্স লাগানো হয়। প্রতিটি নৌকাতে তিন চারজন করে নর্তকি ও দেহপসারিণীকে ভাড়া করে নেয়া হয়। দিনভর পিকনিক পার্টির উঠতি যুবক ও মাঝ বয়সি ব্যক্তিরা এসকল নারীদের নিয়ে বেহায়াপনা করে থাকে। জুয়ার দল অবাধে জুয়া খেলে থাকে। এব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আসাদুজ্জামান মুন্সি জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।