নরসিংদীতে বিএনপি নেতা হত্যা

মাদক সম্রাজ্ঞীসহ ৪ জন গ্রেফতার

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৯
বিএনপি নেতা দেলোয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে সম্পা নামে নরসিংদীর এক মাদক সম্রাজ্ঞীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য গ্রেফতারকৃতরা হলো সম্পার স্বামী রেজাউল করিম, তার ভগ্নিপতি মিথুন এবং মনির নামে অপর একজন। গত শুক্রবার ভোরে নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া থেকে মডেল থানার এসআই আসলাম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে সম্পা ও তার স্বামী রেজাউল করিমকে ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে চালান দেয়া হয়েছে। মিথুন ও মনিরকে রহস্যজনক কারণে ৩৫ ধারায় চালান দেয়া হয়েছে। জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে নরসিংদী শহর সংলগ্ন উপশহর হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেনকে নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া মহল্লায় মাদক সম্রাজ্ঞী সম্পার বাড়ীর সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পূর্বে দেলোয়ার হোসেন দেলো সম্পার বাড়ীতে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে রাস্তায় আসার সাথে সাথে তার উপর হামলা করা হয়। কিছু বুঝে উঠার পূর্বেই ঘাতকরা দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে। এব্যাপারে দেলোয়ারের পিতা ছানাউল্লাহ বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরের দিন আসামী সোহেল বিদেশে পাড়ি জমায়। আসামী শামীম পালিয়ে যায়। হত্যাকাণ্ডের সময় দেলোয়ারের সাথে ছিল সোহেল। হত্যাকাণ্ডের অব্যবহিত পর সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের নাম প্রকাশ করে। সে জানায়, দেলোয়ার হত্যাকাণ্ডের সাথে সম্পা, তার স্বামী রেজাউল করিম, আলআমিন, ফারুক, বুলেট, দীপু, ফারুক, রাহাতসহ ৮/১০ জন জড়িত রয়েছে।