সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, আজকের শিশুরাই দেশের ভবিষ্যত্। আর মানুষ হচ্ছে দেশগড়ার কারিগর। শিক্ষার্থীদের জ্ঞানে-বিজ্ঞানে প্রস্তুত করতে পারলে দেশ অনেক উন্নত হতে পারে। তিনি শিশুদের বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।
গত শুক্রবার দুপুরে জেলা সদরের রাজেন্দ্রপুরে প্রার্থনাকুঞ্জে একটি নতুন বিশ্ব গড়তে শিশুদের মতামত তুলে ধরার লক্ষ্যে গাজীপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ময়মনসিংহ ডিভিশনের উদ্যোগে দু’দিনব্যাপী শিশু ফোরাম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিভিশনাল ডাইরেক্টর মি.পিন্টু আবেং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবিধান রচয়িতা ও বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ও ড. বদিউল আলম মজুমদার। বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর-ফিল্ড অপারেশন মি. আয়ান ডি ওয়াল, গ্রুপ ডিরেক্টর অপারেশন ও স্পন্সরশীপ মি. কস্টাস কটোপলাস, ডিরেক্টর-ফিল্ড অপারেশেন মি. ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, দেশের নাগরিক হিসেবে সবাই সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একসাথে দেশের উন্নয়নে নিজকে আত্মনিয়োগ করতে হবে। ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক বালক-বালিকা সমাবেশে অংশ নেয়।
