ইদানিং গৌতম গম্ভীর আলোচিত রাজনীতিবিদ হিসেবে। সাবেক এই ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার রাজনীতিতে যোগ দিয়ে এবার নির্বাচনও করছেন। তবে বিশ্বকাপ সামনে বলে কথা। ক্রিকেটকেও এড়িয়ে থাকতে পারছেন না। সেই বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে গম্ভীর বললেন, ভারতীয় স্কোয়াডে একজন পেসার কম আছে বলে মনে হয়।
বুমরাহ, শামি, ভুবনেশ্বর থাকার পরও গম্ভীর মনে করেন, আরেকজন পেসার না থাকায় ভুগতে হতে পারে ভারতকে, ‘আমি মনে করি, ভারতীয় দলে একজন মানসম্পন্ন ফাস্ট বোলারের অভাব আছে। বুমরাহ, শামি ও ভুবির আরো সমর্থন দরকার। আপনি বলতে পারেন, দলে হার্দিক ও বিজয় শঙ্করের মতো দুজন পেস বোলিং অলরাউন্ডার আছেন। কিন্তু আমি সন্তুষ্ট নই।’ এই বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে গম্ভীর আইসিসির ফরম্যাটকে সমর্থন দিয়েছেন। যদিও দল কমানোয় অনেকে সমালোচনা করছেন। কিন্তু গম্ভীর বলছেন, ‘এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লড়াই হবে। কারণ, সব দল সব দলের সঙ্গে খেলবে। এই ফরম্যাট আমাদের সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন উপহার দেবে। আমি মনে করি, আইসিসির ভবিষ্যতেও এই ফরম্যাটে শক্ত থাকা উচিত।’
বিশ্বকাপে কারা ভালো করবে, এ নিয়ে বলতে গিয়ে গৌতম গম্ভীর ভারতের পরই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে বেছে নিয়েছেন। তিনি বলছিলেন, ‘ভারতের পাশাপাশি আমি অস্ট্রেলিয়ার খেলা লক্ষ্য করবো। কারণ, এই দলটাকে হারানো শক্ত। এই প্রতিযোগিতায় ওদের বোলিং আক্রমণ সবচেয়ে ভালো। আমি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের খেলাও দেখবো আগ্রহ নিয়ে।’
