তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিন

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৪০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের জন্য নয়—তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিন। বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই। যারা জঙ্গিবাদের নামে নাটক সৃষ্টি করছে তারা দেশের শত্রু। নগরীর অশ্বিনী কুমার হলে গতকাল শনিবার দুপুরে উত্তর জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটার পর একটা নতুন নতুন নাম দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের ধোয়া তুলে দেশকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে আওয়ামী লীগ। দেশের আলেম ওলামা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি সাজিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বর্তমান সরকার। এ জন্য নাটক তৈরি করতে সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে মির্জা আব্বাস অভিযোগ করেন। উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তৃতা করেন—কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি, উত্তর জেলা বিএনপির সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য মাসুদ আহম্মেদ তালুকদার, জেলা বিএনপির আহবায়ক এবায়েদুল হক চাঁন প্রমুখ। উল্লেখ্য, আগামী মাসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বরিশাল সফরের কথা রয়েছে।