রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসার সামনে ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.আনোয়ার হোসেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার রাত ১০টার দিকে ধানমন্ডি ১৩ নম্বর সড়কে নিজ বাসার সামনে গাড়ি থেকে নামার পর ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি ব্রিফকেস ছিনিয়ে নেয়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তিনি বর্তমানে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুর্নবাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিত্সাধীন আছেন। স্বাস্থ্য মন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে তাকে দেখতে যান। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার লিয়াকত হোসেন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে ধানমন্ডি থানায় গতকাল শনিবার একটি মামলা করেন।
