বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার নারী নেত্রী বেগম আইভী রহমানের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তি সমাবেশে গ্রেনেড হামলা ও গুলি বষর্েণর ঘটনা ঘটে। এই ন্যক্কারজনক গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে টানা চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই বর্বরোচিত হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
আওয়ামী লীগ গতকাল সকালে বনানী কবর স্থানে আইভী রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এসময় দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ও এডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ও আইভী রহমানের পুত্র নাজমুল হাসান পাপন এমপিও এ সময় উপস্থিত ছিলেন।
