রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান বিশিষ্টজনদের

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৪৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবি জানিয়ে বিশিষ্টজনেরা গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, শিক্ষকদের একাংশের কর্মসূচির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বাধা দিচ্ছেন এবং নির্বাচিত উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন। এটা সমর্থন করা যায় না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের অধিকারকে সমুন্নত রেখেই এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি সক্রিয় উদ্যোগ নিতে পারেন। বিবৃতিতে স্বাক্ষর করেন প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর হাসান আজিজুল হক, কামাল লোহানী, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, সেলিনা হোসেন, প্রফেসর রশিদ-ই-মাহবুব, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, প্রফেসর এমএম আকাশ, প্রফেসর আনু মুহাম্মদ।