জঙ্গিদের অত্যাধুনিক অস্ত্র ভাবিয়ে তুলেছে র্যাবকে

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৪৪
বগুড়ায় নতুন জঙ্গি সংগঠন বিইএম’র সদস্যদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে র্যাবকে। নামসর্বস্ব একটি জঙ্গি সংগঠন জার্মানির তৈরি জিএসজি-৫২২ মডেলের স্পোর্টস রাইফেল ও চীনের তৈরি একে-২২ এসএমজি পেলো কীভাবে তা তদন্ত করছে র্যাব। এছাড়া এ সংগঠনটির অর্থের উত্স, তাদের শেকড় এবং নেপথ্যে কারা রয়েছে তা চিহ্নিত করতে র্যাব মাঠে নেমেছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, বিভিন্ন সময় জঙ্গি সংগঠনের সদস্যরা গ্রেফতার হলে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে বগুড়া থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে তা অত্যাধুনিক। এসব অস্ত্র মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়। এমন অস্ত্র নতুন এই জঙ্গি সংগঠনটির হাতে দেখে তারা বিস্মিত হয়েছেন। গত বৃহস্পতিবার বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার একটি মেসে নতুন জঙ্গি সংগঠন বিইএম’র সন্ধান পায় র্যাব। ওই বাড়ি থেকে স্পোর্টস রাইফেল, একে-২২ এসএমজি, ড্রাম ম্যাগজিন, পিস্তল ও এসব অস্ত্রে ব্যবহারযোগ্য ৮০ রাউন্ড গুলি এবং বিদেশে তৈরি কয়েকটি ছুরি উদ্ধার করা হয়।