ভারতে গত শুক্রবার এক ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। রাজনীতিবিদ এবং সমাজকর্মীদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন বলিউড তারকারাও। তারা এই কাপুরুষোচিত এবং বর্বোরোচিত ঘটনার কঠোর নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেছেন।
জনপ্রিয় নায়ক শাহরুখ খান বলেন, অভিযুক্তদের শাস্তি এবং আমাদের মনের ইচ্ছাই এই ধরনের নারকীয় ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারে। সংগীত শিল্পী আশা ভোঁসলে বলেন, দোষীরা আদালতে গিয়ে রক্ষা পান এবং অনেক সময় বিচারে বিলম্ব হওয়ায় এই প্রকৃতির ঘটনা ঘটাতে অনেকে উত্সাহিতবোধ করেন। শোনম কাপুর বলেন, গত শুক্রবার যা ঘটেছে তা কাপুরোষোচিত এবং লজ্জাজনক ঘটনা। নারকীয় এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই বলে জানান চলচ্চিত্র পরিচালক করন জোহর। খ্যাতিমান নায়িকা বিপাশা বসু এ ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে বলেন, এই মানুষগুলো পশুত্ব আড়াল করতে কেবল মানুষের চামড়া পরে আছে। ঘটনার নিন্দা জানিয়েছেন নায়ক অক্ষয় কুমারও। তিনি বলেন, যাদের মধ্যে পশুত্ব লুকিয়ে আছে তারাই কেবল লজ্জাজনক এ ঘটনা ঘটাতে পারে। জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতা আইনপ্রণেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুধাবন করার আহবান জানিয়ে বলেন, না হলে পত্রিকায় আরো ধর্ষণের ঘটনা পড়তে হবে।
অভিনেত্রী অমৃতা রাও বলেন, বিচারে বিলম্বের কারনেই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ইশা কপিকার দোষীদের জনস্মুখে বিচার করতে হবে উল্লেখ করে বলেন, মুম্বাইয়ে এই ঘটনা ঘটায় প্রমাণ হচ্ছে যে ভারতের কোনো শহর আর নারীদের জন্য নিরাপদ নয়। নায়িকা লারা দত্ত বলেন, আমরা একটা বর্বর সমাজের দিকে যাচ্ছি। আর কত মেয়ে ধর্ষিত হলে বিচার দ্রুত ও সুষ্ঠু হবে সেটাই এখন প্রশ্ন আমাদের। নায়ক আফতাব শিবদেসানি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের অপরাধ আর কত ঘটবে? নায়ক বিবেক ওবয়ব ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেহা ধুপিয়া বলেন, সমাজে ছড়িয়ে পড়া এই ধরনের পশুদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। অভিনেতা অনুপম খের এজন্য রাজনীতিবিদদের দায়ী করে বলেন, তারা কেবল ক্ষমতার জন্য লড়াই করে, জনগণের মঙ্গলের জন্য নয়। সুনিধি চৌহান বলেন, এটা লজ্জাজনক এবং মুম্বাইয়ে এই ধরণের ঘটনা ঘটতে পারে সেটি আমি কল্পনাও করতে পারি না। দিনের বেলায় মুম্বাইয়ের মতো স্থানে নারকীয় এই ঘটনাই আমাদের অনিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দেয়, বলেন শ্রেয়া ঘোষাল। নায়িকা পুজা ভাট বলেন, মনে হচ্ছে এই শহর আমার নয়। সেলিনা জেটলি এই ধরনের নিন্দনীয় ঘটনা প্রতেরাধে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার আহবান জানান।
