নেপালে এসএ গেমসের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কেটেছে। সে দেশের গণমাধ্যম জানাচ্ছে ১-১০ ডিসেম্বর হবে এসএ গেমসের ১৩তম আসর। এরই মধ্যে কয়েক দিন আগে গেমসের লোগো এবং মাসকটও উন্মোচন করা হয়েছে সেখানে। সেই খবর ঢাকায় এলেও কোনো কিছুই জানে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
নেপালের ক্রীড়া মন্ত্রী লোগো মাসকট উন্মোচন করেছেন। কিন্তু বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাসকট, লোগো উন্মোচন কিংবা গেমসের তারিখ নির্ধারণ কোনোটাই জানা নেই তাদের। নেপাল এই এসএ গেমস আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কার কথা বারবার উচ্চারিত হয়ে আসছিল। বাংলাদেশও অপেক্ষায় ছিল যদি নেপাল এসএ গেমসের আয়োজন করতে না পারে তাহলে ওই সময়টায় যুব গেমস আয়োজন করবে। এমন প্রস্তুতি ছিল। আর যদি এসএ গেমস হয় তাহলে প্রস্তুতি শুরু করবে। গেমসের দিনক্ষণ না হলে বাজেটও চাইতে পারবে না সরকারের কাছে। নেপালের সমস্যা হচ্ছে সেখানে গেমসের অবকাঠমোগত উন্নয়ন এখনও অসম্পূর্ণ। ডিসেম্বরের আগে সম্পন্ন হবে কিনা তা নিয়ে শঙ্কা থাকলেও কোনো দেশকে না জানিয়েই তারিখ ঘোষণা এবং লোগো ও মাসকট উন্মোচন করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর অথচ লুকোচুরি করে এমনটি করার কারণ খুঁজে পাচ্ছে না বিওএ। শাহেদ রেজা জানিয়েছেন নেপাল কিছুই জানায়নি। তবে তারিখ ঘোষণা হওয়ায় এখন ডিসেম্বর লক্ষ্য রেখে এসএ গেমস প্রশিক্ষণের প্রস্তুতি নিবে বিওএ।
