নৌকায় ভোট দিন :প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৫০
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আবার নৌকা মার্কায় ভোট দিন। উপজেলায় ১৪টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন শেষে স্থানীয় শহীদ মঞ্জু স্টেডিয়ামে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দলীয় নেত্রী ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি করেছেন। তার ছেলেরা দুর্নীতি করে বিদেশে পাচার করেছিল। আমরা দুর্নীতির সে টাকা আমেরিকার ফেডারেল কোর্টের মাধ্যমে ফেরত আনতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা কথায় না কাজে বিশ্বাসী। আমরা উন্নয়ন করতে চাই। ইতিমধ্যে নিজেদের টাকায় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে। যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে তেমনি জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধের বিচারও কেউ ঠেকাতে পারবে না। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এসব বন্ধ করে দিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিবে। কমিউনিটি ক্লিনিক, ভাতা বন্ধ করে দেবে। আর সেটাই হবে বিএনপি দলীয় চেয়ারপারসনের ভিন্ন ধরনের রাজনীতি। আর এ রাজনীতির মধ্যে আরো থাকবে হাওয়া ভবনের মত নতুন ভবন খুলে তার ছেলেদের দিয়ে দুর্নীতি আর দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়া। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে হাত কাটা, পা কাটা, চোখ তুলে ফেরার রাজনীতি করবে। সেটাই হবে বিএনপি নেত্রীর ভিন্নধর্মী রাজনীতি। ইতিমধ্যে তার নমুনা শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের নির্দেশে কোরআন শরীফ পুুড়িয়ে দেয়া হচ্ছে। শেখ হাসিনা বলেন, যখনই অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের চেষ্টা হয়েছে তখনই দেশ রক্তাক্ত হয়েছে। জাতির জনক যখন দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছিল তখন ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মাদকাসক্তদের হাত থেকে সকলকে সজাগ থাকতে হবে। মাদকের কারণে এখন মা বাবাকেও হত্যা করা হচ্ছে। এটা একটি জঘন্যতম অপরাধ। এজন্য মসজিদের ইমামমে আরো সজাগ থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে গ্যাস উত্তোলন শুরু করেছিল। তখন আমেরিকা ওই গ্যাস ভারতের কাছে বিক্রি করতে চায়। তখন খালেদা জিয়া রাজি হয়েছিল মুচলেকা দিয়ে আমেরিকাকে গ্যাসের খনি তুলে দিবে। কিন্তু আমি তখন বলেছি আমাদের দেশে ৫০ বছরের গ্যাস মজুদ রেখে গ্যাস নিয়ে যান। কিন্তু আল্লাহ তাকে দেয়নি। আল্লাহ জন বুঝে ধন দেন। আড়াইহাজারে পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে দুপুরে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে অবতরণ করেন। পরে তিনি গাড়িতে করে জনসভায় যোগ দেন। বক্তব্যের আগে ওই মঞ্চেই আনুষ্ঠানিকভাবে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সুইচ টিপে এবং বেলুন ও পায়রা উড়িয়ে বন্দর উপজেলার হরিপুরে ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, মুক্তিযোদ্ধা এস এম মাজারুল হক অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টার, নারায়ণগঞ্জ সার্কিট হাউজ এবং সোনারগাঁয়ে জ্যোতি বসু স্মৃতি পাঠাগার ও সেমিনার হল উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী আড়াইহাজারে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউট, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর উপর ৫৭৬ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ, এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট এবং সিদ্ধিরগঞ্জের ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিইডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সুবিদ আলী ভুঁইয়া এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি নাসিম ওসমান, নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ।