বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনের বিষয়ে গোটা দেশের জনগণের মধ্যে যে উত্কণ্ঠা তা উপলদ্ধি করে জাতিসংঘ মহাসচিব দু্ই নেত্রীর সঙ্গে ফোনালাপে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আলোচনার যে আহ্বান জানিয়েছেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, কেবল দেশের মানুষ নয়, বিদেশিরাও উত্কণ্ঠিত আগামী নির্বাচন নিয়ে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং মানবাধিকার কর্মী আদিলুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবীর মুরাদ।
গত শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী বিরোধী দলকে নির্দলীয় সরকারের বিষয়ে সংসদে বিল আনার যে কথা বলেছেন; সেই প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী এমন কথা এর আগেও বহুবার বলেছেন। কিন্তু আমাদের মাত্র ৩৩ জন সংসদ সদস্য। তাই সংসদে প্রস্তাব আনলে আওয়ামী লীগ কণ্ঠভোটে তা নাকচ করে দেবে। পরে বাইরে এসে বলবে সংসদ চায়নি তাই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে আসা সম্ভব না। তাই বিএনপি আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না।
‘নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না’ এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা আপনাদের বিশ্বাস করি না। জাতীয় নির্বাচনে যাকেই ভোট দেয়া হোক ফলাফল পরিবর্তন হবে। আর বিশ্বাস ও আস্থা জোর করে আদায় করা যায় না।
