ক্ষমতাসীনদের ইচ্ছামাফিক নির্বাচন জনগণ মেনে নেবে না :ফখরুল

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৫৩
ক্ষমতাসীনদের ইচ্ছেমতো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিজেদের মতো নির্বাচন করার যে পরিকল্পনা তারা নিয়েছে তা জনগণ মেনে নেবে না। সংবিধান পরিবর্তনও মেনে নেয়নি, নেবেও না। গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বিডি হলে সুধী সমাবেশে তিনি বলেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে শীঘ্রই রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। তত্ত্বাবধায়ক নিয়ে শেখ হাসিনা ’৯৬-এ যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের দিকে আমরাও যাবো। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, গণতন্ত্রের প্রতি আপনার দরদ থাকলে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে আগামী নির্বাচন দিন। দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। এছাড়া জাতীয় পার্টিসহ অধিকাংশ দল তত্ত্ব্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায়। তিনি আরো বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণেই গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার সব ব্যবস্থা তারা করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচনের যে প্রক্রিয়া ছিলো তা তারা নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করেছে। তাই গণতন্ত্রের সঙ্কট দেখা দিয়েছে। ফখরুল বলেন, আজ দেশে যে বন্ধ্যাত্ব চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। এ থেকে বেরিয়ে আসার জন্যই জিয়াউর রহমান নির্দেশিত পথ অনুসরণ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে ফখরুল বলেন, জিয়াউর রহমানের বিরুদ্ধেই আজ নানা অপপ্রচার ও কুিসত কথা বলা হচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ দিনের সফরে ঠাকুরগাঁওয়ে এসেছেন। তিনি ইউনিয়ন পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখবেন।