জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন কমিশন জনগণের আস্থা হারিয়েছে। এ কমিশনের অধীনে জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। রাজধানীর গুলশানে ইমানুয়েল সেন্টারে গতকাল শনিবার ছাত্রসমাজের পুনর্মিলনী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন এখন নিজেই নিজের ক্ষমতা একের পর এক ছেড়ে দিচ্ছে। এ কমিশনের ওপর আস্থা থাকতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের ওপর অনেক অবিচার হয়েছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলাম না। আমি ছিলাম একটি শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষে। যারা প্রভুর কথায় কাজ করবে না। সেই নির্বাচন কমিশন আমরা হারিয়ে ফেলেছি।
