গল্প নয় সত্যি

পড়বি তো পড়!

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ১৯:৩৫
ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যের বদৌলতে নানা সময়ে ব্যাংক কিংবা দোকান ডাকাতির অনেক দুর্ধর্ষ দৃশ্যই হয়তো আপনি দেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে ওয়েব দুনিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও’র বিষয় কিন্তু এর একেবারেই বিপরীত। কোনো সফল ডাকাতি নয়, বরং ডাকাতি করতে এসে দোকান মালিকের কাছে দু’জন ডাকাতের একজনের হেনস্থা হওয়ার একটি ব্যতিক্রমী ও মজাদার ভিডিওই গেল ক’দিনে নেট দুনিয়ায় হাসির খোড়াক যুগিয়েছে পনেরো লাখেরও বেশি মানুষের। আলোচিত এই ঘটনার ঘটনাস্থল ব্রাজিলের একটি দোকান। দোকানের বিপরীত প্রান্তে রাস্তায় স্থাপন করা একটি সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্যের শুরুতেই বাইক আরোহিত দুই যুবককে দোকানের সামনে এসে থামতে দেখা যায়। এ সময় বাইক চালককে অপেক্ষায় রেখে অস্ত্র হাতে দোকানে প্রবেশ করেন আরেক যুবক। আর দোকানের বাইরে ডাকাতি করে আনা অর্থ ও অন্যান্য সামগ্রী নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য বাইরে বাইক নিয়ে অপেক্ষা করতে থাকেন অপরজন। কিন্তু কয়েক মুহূর্ত অপেক্ষার পরই ঘটে অবিশ্বাস্য ও মজার সেই ঘটনা। দোকানের দরজা দিয়ে অর্থ নিয়ে বেরিয়ে আসার পরিবর্তে জানালা দিয়ে উড়ে এসে রাস্তায় পড়েন অস্ত্রধারী যুবকটি। এ সময় সঙ্গীর দুরবস্থা দেখে তাকে রেখেই বাইক নিয়ে ছুট দেন সাথে থাকা বাইক চালক। পরক্ষণে রাস্তায় পড়ে যাওয়া অস্ত্রটি কুড়িয়ে নিয়ে দৌড় দেন ব্যর্থ ডাকাতির অপর নায়কও। এদিকে সিসি ক্যামেরার এই ফুটেজ ধরে ইতোমধ্যেই ব্যর্থ ডাকাতদ্বয়কে খুঁজতে শুরু করেছে ব্রাজিলের পুলিশ। সম্ভবত একেই বলে, ‘পড়বি তো পড় মালির ঘাড়ে’।