সুই সুতা নিয়ে যাদের কাজ করতে হয় তারা তাদের আঙুলের সুরক্ষায় প্রায়ই টুপির মতো দেখতে একটি শক্ত আবরণ আঙুলের মাথায় পরিধান করেন। এতে করে অসাবধানতাবশত বা তাড়াহুড়োতে হাতে সুই ফুঁটে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে। মজার বিষয় হলো, ইংরেজিতে থিম্বল নামে পরিচিত এই উপকরণটির সবচেয়ে বড় সংগ্রহ দিয়েই এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন কানাডার রবার্ট জে হার্পার নামের এক ব্যক্তি। কানাডার ওন্টারিও’র ব্রুকভিলের অধিবাসী এই ব্যক্তি সেই ১৯৮৬ সাল থেকে শুরু করে এখন অবধি সংগ্রহ করেছেন প্রায় তিন হাজারেরও বেশি থিম্বল। আর ব্রুকভিলের অভিনব এই সংগ্রহের শুরুটা হয়েছিল তার মায়ের মৃত্যুর পর স্মৃতিচিহ্ন হিসেবে সংগ্রহ করা ১২টি থিম্বলের মধ্য দিয়ে।
