বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে ও মাদকের সহজলভ্যতার পেছনে রয়েছে প্রশাসনের অব্যবস্থাপনায় ও তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের পিছনে রয়েছে পারিবারিক অবহেলা ও বাবা-মায়ের অপরিণামদর্শিতা। সম্প্রতি চামেলীবাগের নিজ সন্তান ঐশীর হাতে খুন হয় তার বাবা-মা। এর পেছনে রয়েছে মাদকের প্রত্যক্ষ হাত। এই ঘটনার কারণ ও সমাধান জানতে শিক্ষার্থীদের মতামত উপস্থাপন করা হলো—
প্রিয়াঙ্কা কুন্ডু
ঢাকা বিশ্ববিদ্যালয়
আমার মনে হয়, এই ঘটনার পেছনে মা-বাবার দায় অস্বীকার করা ভুল হবে। পরোক্ষভাবে হলেও তারা নিজেদের এই নির্মম পরিহাসের জন্য দায়ী। সামাজিক প্রেক্ষাপটে বিচার করলে, ঐশীর বখে যাওয়া লক্ষ্য করে অনেক আগেই তাদের পদক্ষেপ নেয়া উচিত ছিল। এটা অনেক বাস্তব যে মানুষ আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছে যে, নিজের সন্তান-সন্ততিকে সময় দেয়ার সুযোগ পাচ্ছে না। আর এই শূন্যতাকে কেন্দ্র করেই মাদকসহ অন্যান্য অপকর্মে লিপ্ত হচ্ছে হাজারো ঐশী। তাই মা-বাবাকে বন্ধু হতে হবে।
০০০০০
দিব্যজ্যোতি দত্ত
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি
এই ঘটনা একটি উদাহরণ মাত্র, এই শাসনব্যবস্থার হাত ধরেই প্রতিদিন দেশে মাদক চোরাচালান হচ্ছে, পুলিশ প্রশাসনের সহায়তায় গড়ে উঠছে মাদক বিক্রয় কেন্দ্র। সামান্য কিছু অর্থের বিনিময়ে দেশকে ঠেলে দিচ্ছে এক সংকটের মুখে, যেখানে দিশেহারা তরুণ হাতের কাছেই সুলভ মূল্যে মাদক পেয়ে আত্মভোলা হবার চেষ্টা করছে। যদি আমরা আমাদের ঘরের বা আশেপাশের প্রতিবেশীদের দিকে তাকাই তবে অবশ্যই ঐশীর মত অনেককে পাওয়া যাবে, যারা ভুল পথে পা বাড়িয়েছে। হয়তো তারা ঐশীর মত মা-বাবাকে হত্যা কিংবা হত্যার ক্ষেত্রে সহায়তা করেনি। এখানে ঐশীর ঘটনাটা আংশিকভাবে অপরিণামদর্শিতার ফসল হিসেবে দেখা যায়।
০০০০০
আব্দুল্লাহ আরেফিন অনিম
সরকারি বিজ্ঞান কলেজ
আমি এর পেছনে নৈতিক কাঠামোর দুর্বলতাকে প্রধান কারণ হিসেবে দেখি। দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি, পরিবার কিংবা আত্মীয়-স্বজন অথবা বিদ্যালয়ে কোন ধরনের নৈতিকতা ধর্মের ভাল শিক্ষাগুলো দেয়া হয় না। এর কারণে সন্তানরা বিশ্বায়ন বা এই পৃথিবীর একাত্ম হবার খারাপ দিকগুলোর সাথে আগে পরিচিতি লাভ করে। আর এই বিষয়ে ভালোমন্দের শিক্ষাটা মা-বাবার কাছ থেকেই আসা উচিত বলে আমি মনে করি। কিন্তু এই শিক্ষাটা ঐশী পায়নি অথবা মাদকের প্রভাবে তার সমস্ত শিক্ষা আর চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিলো। এজন্যই সে তার নিজের মুক্তির জন্য মা-বাবাকে খুন করতে দ্বিধাবোধ করেনি।
০০০০০
দেবারতি চৌধুরী অর্চি
ভিকারুন্নেসা নূন স্কুল
কোনো সন্তান খারাপ হয়ে জন্মায় না, তাকে কোন আদর্শে বড় করা হচ্ছে, সেটাই মুখ্য। সেই আদর্শ ঠিকমতো লালন করছে কি না সেটাও দেখতে হবে। শুধু টাকাপয়সা দিয়ে সন্তান প্রতিপালন করলেই তাকে মানুষ করা যায় না। যদিও ঐশীর এই নির্মম হত্যাকাণ্ডের দায়ভার আমি তার ঘাড়েই চাপাবো। একথা বলতেই হচ্ছে— তার বেড়ে ওঠা আর দশটা স্বাভাবিক সন্তানের মতো হয়নি। অতিরিক্ত হাতখরচ আর ঘরে-বাইরে বন্ধুবান্ধবের ওপর নজরদারির অভাবে সে মাদকের সাথে জড়িয়ে যায় ও একসময় এমন পর্যায়ে পৌঁছায় যে অবাধে মাদক নেয়ার জন্য নিজ মা-বাবাকে হত্যা করতেও তার হাত কাঁপে না।
