গত কয়েকদিন ধরে দেশের শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। দুয়েকদিন সূচক কমলেও গেল দশ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৩২৯ পয়েন্ট। এতে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে শেয়ার বাজারের সূচক বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ছে। ফলে মুনাফা তুলে নেয়ার প্রবণতাও কম। এদিকে লাভজনক দামে শেয়ার পোর্টফোলিওতে রাখার প্রবণতার ফলে লেনদেন বাড়ছে। গতকাল বাজারে লেনদেন হয়েছে ৮২০ কোটি টাকা। যা গত প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে গত কয়েক মাসের ধারাবাহিকতায় গতকালও বাজারের লেনদেনে সর্বোচ্চ অবদান ছিল জ্বালানি খাতের। মোট লেনদেনে এ খাতের অবদান প্রায় ১৬ শতাংশ। এরপরই রয়েছে ফার্মাসিউটিক্যালস, পোশাক এবং টেলিকমিউনিকেশন খাতের অবদান।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮২০ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৪ কোটি ২২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
এদিকে পুঁজি বাজারের তালিকাভুক্ত মডার্ন ডায়িং ও কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদ ৩০ এপ্রিল ২০১৩ সমাপ্ত অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। মডার্ন ডায়িং-এর পরিচালনা শেয়ার হোল্ডারদের জন্য ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। অন্যদিকে কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৫ টাকা।
