‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’— এই স্লোগানকে সামনে রেখে আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্কে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি “রিহ্যাব হাউজিং ফেয়ার নিউইয়র্ক-২০১৩”। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) জানায়- আমেরিকায় অবস্থানরত প্রবাসী বাঙালি ক্রেতা এবং দেশি বিক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে বিগতদিনের ধারাবাহিকতায় এই আয়োজন করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ২টায় সাউন্ডভিউ ব্রডকাস্টিং (এনটিভি বিল্ডিং)-এ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত একরামুল কাদের। এবারের মেলায় মোট ৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্যসমূহ প্রদর্শন করবে। “রিহ্যাব হাউজিং ফেয়ার নিউইয়র্ক-২০১৩”-এর কো-স্পন্সর প্রতিষ্ঠান ইউএস বাংলা এ্যাসেট্স লি.। নিউইয়র্ক ফেয়ারে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রিহ্যাব কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেজর জেনারেল মো. আব্দুর রশীদ, পিএসসি জি (অব.), সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
