সিঙ্গাপুরে ২৫ অভিবাসী শ্রমিকের কারাদণ্ড

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২০:৩৪
ওয়ার্ক পাসের জন্য ভুয়া সার্টিফিকেট জমা দেয়ার অপরাধে ২৫ জন অভিবাসী শ্রমিককে সম্প্রতি কারাদণ্ড প্রদান করেছে সিঙ্গাপুরের আদালত। দণ্ডপ্রাপ্ত ওই শ্রমিকরা গত বছরের মে থেকে আগস্ট মাসের মধ্যে ওয়ার্ক পাস পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ে জমা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাচাই-বাচাই করা হলে দেখা যায়, জমাকৃত শিক্ষা সনদ ভুয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের মধ্যে ২০ জনকে চার সপ্তাহের কারাদণ্ড প্রদান এবং বাকী ৫ জনকে পাঁচ হাজার ডলার জরিমানা ধার্য করেন। কেউ জরিমানা প্রদানে অসমর্থ হলে তাদের ২০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে এক বিবৃতিতে জনশক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের প্রত্যেকেই ওয়ার্ক পাসের জন্য কন্ট্রোলারের কাছে অনুমদিত সনদপত্র ও তথ্য সরবরাহের আবেদন জানানো হয়। জনসাধারণ কিংবা নিয়োগ কর্মকর্তাদের মধ্যে যাদের কাছে ফরেন ম্যান পাওয়ার অ্যাক্টের পরিপন্থি তথ্য আছে তাদেরকেও মন্ত্রণালয়কে অবিহত করার আবেদন জানানো হয়েছে।