গফরগাঁও পৌরশহরে চলছে মাদকের রমরমা ব্যবসা। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা, হেরোইন, প্যাথেডিনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। এলাকার তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে।
নেশায় আসক্ত হয়ে যুবসমাজ হচ্ছে বিপথগামী, বাড়ছে অপরাধ। জানা গেছে, পৌরশহরের ৩০টি স্পটে অবাধে ইয়াবাসহ অন্যান্য মাদক বেচাকেনা হচ্ছে দেদারসে। পৌর শহরের রেলস্টেশন, বুধিয়া মার্কেট, সাহাবাড়ির পুকুরপাড়, পণ্ডিতপাড়া পুকুরপাড় এসব এলাকায় মাদক সেবন ও বিক্রি হচ্ছে। তিনজন ইয়াবা সুন্দরীদের নিয়ন্ত্রণে রয়েছে এ ৩০টি স্পট।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও রাজনৈতিক দলের তথাকথিত কর্মীদের দিয়ে স্পটগুলো নিয়ন্ত্রণ করে এরা। বিক্রেতাদের মধ্যে কিশোর বয়সী ছেলেদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে। এসব এলাকা থেকে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়মিত মাসোহারা পেয়ে থাকে। এলাকাবাসী জানায়, আমাদের সন্তানরা দিন দিন মাদকের দিকে ঝুঁকেছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ বলেন, পৌর শহরে ইয়াবাসেবীদের সংখ্যা দিন দিন বাড়ছে। অল্পবয়সীরা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। পৌরসভার পক্ষ থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে বার বার অনুরোধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। বিভিন্ন সময় মোবাইল কোর্ট বসিয়ে মাদক সেবনের অপরাধে জড়িতদের জরিমানা আদায় করা হচ্ছে। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তাজুল বলেন, শ্যামলী, শেফালীসহ অনেক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করলেও জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
