পাবনার চাটমোহরে সবুজ আলী নামে এক বখাটে এক ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানি করে তার নগ্ন ভিডিও করে এলাকায় ছড়িয়ে দিয়ে উল্ল¬¬াস করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত শনিবার রাতে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
জানা যায়, দু’মাস আগে ছাত্রী পাশের বাড়িতে ডিম ক্রয়ের জন্য গেলে বখাটে সবুজ ঘরের মধ্যে ডেকে নিয়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে ভিডিও করে। ভয়ে চিত্কার দিতে গেলে তার মুখ ও গলা চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয় এবং বলা হয় এ ঘটনা কাউকে জানানো হলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে।
ছাত্রীর পরিবার লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না বলেও বখাটের বাবাকে জানায়। কিন্তু বখাটের বাবা ছেলের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি। এরমধ্যে লম্পট সবুজ তার বখাটে বন্ধু-বান্ধবসহ এলাকার উত্সুক ব্যক্তিদের মোবাইলে ধারণকৃত ছবি ছেড়ে দেয় এবং ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে।
এলাকাবাসী জানায়, ইতোপূর্বেও এ লম্পট সবুজ এলাকার বেশ কিছু মেয়ের জীবন নষ্ট করেছে। সে স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং করে। তার বাবা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাকে কিছু বলতে সাহস পায় না। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানান, এ বিষয়টি নিয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
