অব্যাহত যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিল ফরিদপুরের গৃহবধূ রেখা আক্তার (২০)। ঘটনার এক মাস পার হলেও গ্রেপ্তার হয়নি আত্মহত্যায় প্ররোচনাকারীরা। উল্টো রেখার পরিবারকে মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রাম সলিলদিয়ার মেয়ে রেখা আক্তার। পিতৃহীন রেখা মা ও ভাইয়ের কাছে থাকত। স্বামী মো. আক্তার হোসেন সৌদি প্রবাসী।
জানা গেছে, গ্রামের কয়েক বখাটে যুবকের কুনজর পড়ে রেখার ওপর। তারা প্রায় এক বছর যাবত্ উত্ত্যক্ত করে আসছিল মেয়েটিকে। পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ করায় আরো ক্ষিপ্ত হয় নিপীড়নকারীরা।
জানা গেছে, প্রতিবেশী তিন যুবক ও তিন মহিলা মিলে রেখাকে বিভিন্ন সময় নানাভাবে হয়রানি করতে থাকে, এরই এক পর্যায়ে গত ১ আগষ্ট বিষপান করে রেখা আত্মহত্যা করে। তাকে বাঁচাতে স্বজনরা ভাঙ্গা ও ফরিদপুরের হাসপাতালে ছোটাছুটি করলেও শেষ রক্ষা হয়নি।
তার (রেখা) মা জেলেখা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফরিদপুরের এএসপি (ভাঙ্গা সার্কেল) শামসুল হক বলেন, আসামীদের ধরার ব্যাপারে পুলিশ তত্পরতা বাড়াবে।
