লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদুল আলমের মুদি দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ৫ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। এ চাল বর্তমানে ক্যাজুপাড়া পুলিশ ফাঁড়িতে সংরক্ষণ করা হয়েছে। শনিবার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলালউদ্দিন জানিয়েছেন- উদ্ধারকৃত চালের পরিমাণ যাই হোক না কেন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় ক্যাজুপাড়া পুলিশ ক্যাম্পের আই.সি ডলুছড়ি বাজারে অবস্থিত চেয়ারম্যানের দোকানে খুচরা বিক্রয়ের জন্য মজুদকৃত ভিজিডির চাল উদ্ধার করেছে। সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানিয়েছেন, কাপরু পাড়ার ৫ দুস্থ মহিলার তিন মাসের চাল ১৫ টাকা কেজি দরে তিনি ক্রয় করে দিয়েছেন। গুদাম থেকে ওজনে কম দেয়ায় প্রতিমাসে ৩০ কেজির স্থলে ২৮ কেজি হিসেবে ৩ মাসের মোট ৮৪ কেজি চালের দাম প্রতিজনকে প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আরো বলেন, দুর্গমের দুস্থ মহিলারা ৩ মাস পর এসে চাল বিক্রয় করে টাকা নিয়ে যায়। বান্দরবান জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন, লামা উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
