দিনাজপুরে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে ২ জন, বাগেরহাটে ২ জন, কেশবপুরে ১ জন, যশোরে ১ জন ও আমতলীতে ১ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর \ দিনাজপুরে গতকাল রোববার সকালে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছে। দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার কাউগাঁ মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোস্তম আলী (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়। নিহত রোস্তম আলী দিনাজপুর সদর উপজেলার উথরাইল মোল্লাপাড়া গ্রামের ফজর আলীর পুত্র। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে। এদিকে একই দিন সকাল ৮টায় দিনাজপুর শহরের নিমনগর রেলক্রসিং-এ ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বাগেরহাট ও চিতলমারী :খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের কাটাখালী মোড় ও মোল্লাহাটের মাদ্রাসা ঘাট এলাকায় একই সময় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস ভাংচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গত ২৪ আগষ্ট বাগেরহাট সোনাডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ ০৪-০০৮৫) কাটাখালী এলাকায় এসে পৌঁছালে মোড় ঘোরার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে কাটাখালী অবস্থিত রেন্ট-এ কার চত্বরে থাকা দু’টি মাইক্রোবাস ও ১টি মোটর সাইকেলসহ উক্ত স্থানে দাঁড়িয়ে থাকা মাইক্রো হেলপার সোহেলকে (১৬) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। সোহেল শ্যামবাগাত গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আজিমের পুত্র বলে জানা যায়। একই মহাসড়কের মাদ্রাসা ঘাট এলাকায় মোল্লাহাটগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কালিকান্ত পাল (৪৮) নামের এক নার্সারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কালিকান্ত কার্তিকদিয়া গ্রামের মৃত গৌর চন্দ্র পালের ছেলে।
কেশবপুর (যশোর) : শনিবার সকালে কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আদিল হোসেন(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাবদিয়া গ্রামের পাতাল সরদারের ছেলে আদিল হোসেন সাইকেলযোগে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের গোলাঘাটা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন। তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর : যশোরে ট্রাকের ধাক্কায় রমনী রানী (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মৃত রমনী রানী যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের কার্তিক দাসের স্ত্রী। শনিবার বিকেলে চিকিত্সাধীন অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রমনী রানীর পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে বাড়ির সামনের রাস্তায় বালিবাহী ট্রাকের ধাক্কায় আহত হন রমনী রানী।
আমতলী (বরগুনা) : আমতলী উপজেলার মানিকঝুড়ি বাজারের সামনে আমতলী-কলাপাড়া সড়কে শনিবার পিকআপের চাকায় পিষ্ট হয়ে হাজেরা বিবি (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম মৃত একরাম আলী, তার বাড়ি কড়ইবুনিয়া গ্রামে।
