সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আনসারকে কাজে লাগানোর সুপারিশ

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৫
সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে এখন থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর মত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকেও ব্যবহার করা হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন চারটি ব্যাটালিয়নের অনুমোদন শিগগিরই দেয়া হবে। অপরদিকে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে প্রতিবেদন নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। সংসদ সচিবালয় জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন চারটি ব্যাটালিয়নের দ্রুত অনুমোদন দেয়ার সুপারিশ করা হয়। তাছাড়া তৃণমূল পর্যায়ে বিদ্যমান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে কাজে লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে। জননিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পূর্ণাঙ্গ ব্যবহার এবং আনসার-ভিডিপি কর্মকর্তা পদের মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছে। তবে সরকারের শেষ পর্যায়ে মাথাচাড়া দেয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যক্রম দমনে সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকারও পরামর্শ দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন কমিটির সামনে উপস্থাপন করা হয়। পরে কমিটির সদস্যরা প্রতিবেদন পর্যালোচনাকালে বিভিন্ন চাঞ্চল্যকর মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেন। কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হুইপ মির্জা আজম, মো. মুজিবুল হক, সানজিদা খানম এবং মো. সফিকুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমদ, আইজিপি হাসান মাহমুদ খন্দকার এনডিসি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দীন পিএসসি, র্যাবের ডিজি মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মোখলেসুর রহমানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।