সেনবাগ ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর নবী রাজু
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ গত শনিবার সেনবাগ ছাত্রদলের সভাপতি সাহেব উদ্দিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নূর নবী রাজুকে সেনবাগ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। উপজেলা ছাত্রদল সভাপতি জানান সেনবাগ ছাত্রদলের সাধারণ সম্পাদক বিদেশে চলে যাওয়ায় পদটি শূন্য হয়।
সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের সাতকানিয়ায় গত শনিবার উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনের সারিতে বসা নিয়ে সভাপতি প্রার্থী তাপস দত্ত ও রূপ কুমার নন্দী খোকনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।
হিলিতে হাজীদের প্রশিক্ষণ কর্মশালা
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা \ গত শনিবার হাকিমপুর ডিগ্রি কলেজ অডিটরিয়ামে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিবি ইন্টারন্যাশনাল আয়োজিত কর্মশালায় দিনাজপুর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার ১০১ জন হজ্ব যাত্রী অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আলহাজ্ব কারী আব্দুল মান্নান মন্ডল। উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, ইউএনও আজাহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিনূর রেজা শাহিন, ওসি আহসান হাবিব প্রমুখ।
গাংনীতে ইমারত নির্মাণ শ্রমিকদের কমিটি গঠিত
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ গাংনী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাউন্সিল গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ৮৮৪ ভোটারের মধ্যে ৪৭৯ ভোট পেয়ে হাফিজুল ইসলাম সভাপতি, ৫২১ ভোট পেয়ে সাইদুল ইসলাম সম্পাদক, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক লুত্ফর রহমান, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফে, সদস্য আব্দুল কাদের, খাইরুল ইসলাম, আসাদুল ইসলাম, শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কাউখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে ১ জন নিহত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ কাউখালীর বেতবুনিয়া ডাকঘর পাড়ায় গত শনিবার বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল মোতালেব নামে এক কারখানা শ্রমিক মারা গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মোতালেব (৪৫) নিরাপত্তাপ্রহরীর কাজ শেষে বাড়ী ফেরার সময় ১১ হাজার কেভি লাইনের খুঁটির টানা তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। অভিযোগ, এর আগে এই স্থানে তারে জড়িয়ে একটি ছাগল মারা যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। তারা ত্রুটিপূর্ণ লাইনটি মেরামত না করায় এমন ঘটনা ঘটেছে।
বেনাপোলে কলেজ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শনিবার ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বেনাপোল ডিগ্রী কলেজের নতুন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিধ আলহাজ্ব আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন সাংসদ শেখ আফিল উদ্দীন। বক্তব্য রাখেন অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি। উপস্থিত ছিলেন শার্শা থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মন্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, বেনাপোল পৌর আ:লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ ডিমলায় রবিবার পল্লীশ্রী রি-কল প্রকল্প অফিসের হলরুমে সিবিও নেত্রীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের ২০টি গ্রামের ২০ জন নারী সদস্যকে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী পুরান ক্রান্তি বর্মন।
স্বরূপকাঠিতে বৃক্ষরোপণ উদ্বোধন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ ‘করবো বেশি ফলের চাষ, বাড়বে পুষ্টি মিটবে আশ”— এ শ্লোগান নিয়ে ইসলামী ব্যাংক লিঃ মিয়ারহাট শাখার উদ্যোগে শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধান শিক্ষক এস.এম জিয়াউল হকের সভাপতিত্বে নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইবিবিএল বরিশাল জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়ানুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।
নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা
নেত্রকোনা প্রতিনিধি \ নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল রবিবার নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলুয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন। আলোচনা করেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আবদুর রহিম, অধ্যাপক মতীন্দ্র সরকার প্রমুখ।
ধামরাইয়ে মুক্তিযোদ্ধার নামে সড়ক
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা আ.লীগের সদস্য, ধামরাই উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি, মেঘনা ব্যাংকের পরিচালক, সফল ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা এম,এ মালেক এর নামে উপজেলার কুশুরা থেকে জালসা পর্যন্ত প্রায় ৮ কিঃমিঃ দীর্ঘ একটি সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল রবিবার কুশুরায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ সড়কটির ফলক উন্মোচন করেন
লামায় কৃষি পণ্য মেলা উদ্বোধন
লামা (বান্দরবান) সংবাদদাতা \ লামায় ২৪ ও ২৫ আগস্ট দুইদিন ব্যাপী “কৃষি পণ্যমেলা” উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র আমির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল, ইউএনডিপি’র সিএইচটিডিএফ কর্মকর্তা ওপেল ত্রিপুরা, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমুখ।
পিরোজপুরে এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
পিরোজপুর অফিস\ স্কুল ছাত্রী ফাতেমা আক্তার শিমুর উপর এসিড নিক্ষেপকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, ডাক দিয়ে যাই ও সুশীল সমাজ। শনিবার শহরের ক্লাব রোডে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, সম্পাদক হেলেনা রফিক, ভারপ্রাপ্ত পৌর মেয়র মিনারা মাহাবুব। বর্তমানে সে পিরোজপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন। ফাতেমা আক্তার শিমু পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
রংপুরে নারী মুক্তিকেন্দ্রের মানববন্ধন ও সমাবেশ
রংপুর প্রতিনিধি\ নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। সংগঠনের জেলা সভাপতি প্রভাষক আরশেদা খানম লিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বাসদ সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশাদ হারুন, কারমাইকেল কলেজের প্রাক্তন উপাধাক্ষ্য প্রফেসর সৈয়দা সাহারা ফেরদৌস প্রমুখ।
শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ও গাছ কর্তন
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ শেরপুরের পল্লীতে গত ২৪ আগস্ট দিবাগত রাতে দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগের পাশাপাশি ৭শ’ ৫০টি ইউক্যালিপটাস গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কাশিপাড়ায় একটি ৫১ শতক পুকুর ও পাড়ে এই ঘটনাটি ঘটেছে। ওই পুকুরের মালিক বনমরিচা গ্রামের সামছু সেখের পুত্র বাবলু সেখ জানান, তিনি গত বছর জমি কিনে এই পুকুর খনন করে মাছের পোনা চাষের পাশাপাশি ওই বছরই পাড়ের উপর ৭শ’ ৫০টি ইউক্যালিপটাস গাছ রোপণ করেন। এই এক বছরে গাছগুলো বেশ তাজা হয়েছিল। কিন্তু বেশ কিছু দিন যাবত্ কতিপয় ব্যক্তি তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল এবং ওই জমির মালিকানা দাবি করলেও কাগজপত্র সঠিক না থাকায় তারা সেগুলো নিয়ে আসেনি।
কেশবপুরের ১৫ কিমি সড়কে দুই শতাধিক খানাখন্দ
কেশবপুর(যশোর) সংবাদদাতা \ দীর্ঘদিনেও কেশবপুর পাঁজিয়া ভায়া কলাগাছি সড়কটি উন্নয়নের মুখ দেখেনি। কেশবপুর শহর থেকে ১৫ কিলোমিটার হলেও সড়কটিতে রয়েছে ২ শতাধিক গর্ত। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে থাকে। গত ৫ বছর ধরে সড়কটির বেহাল দশা থাকলেও কারো নজর কাড়েনি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীসাধারণ।
মধুখালীতে ধর্ষক গ্রেফতার
মধুখালী (ফরিদপুর ) সংবাদদাতা \ মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বাজার মথুরাপুর গ্রামের একব্যক্তির কন্যা ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে মোশারফ বিশ্বাস (৪৫) নামে একব্যক্তিকে পুলিশ গ্রেফতার করলেও অপর ধর্ষক ইয়াকফার মোল্লা (৩০) পলাতক রয়েছে। মধুখালী থানা পুলিশ জনায়, গত ২১ আগষ্ট ভিকটিম (১৫) ফরিদপুর থেকে বাজার মথুরাপুর নিজ বাড়ি ফেরার পথে ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের ক্লাবের সামনে থেকে একই গ্রামের পরিচিত ভ্যান চালক মোশারফ হোসেন ও তার অপর সঙ্গী ইয়াকফার মোল্লা তাকে বাড়ি পৌঁছে দিবে বলে ভ্যানে তুলে নিয়ে ফাঁকা এলাকায় ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা শনিবার মধুখালী থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মওদুদ হাওলাদার জানান, অভিযুক্ত মোশারফকে গ্রেফতার করা হয়েছে অপর আসামী ইয়াকফারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
