ভারতের অন্যান্য রাজ্য থেকে একাধিক চলচ্চিত্র তারকা পার্লামেন্ট নির্বাচনে জিতলেও কর্ণাটক থেকে এই প্রথম লোকসভার এমপি হলেন কোনো চিত্রতারকা। তিনি দক্ষিণের বিখ্যাত অভিনেত্রী রামাইয়া। রাজ্যটিতে লোকসভার দুটি আসনে ২১ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রকাশিত হয় শনিবার। এর একটিতে ক্ষমতাসীন দলের প্রার্থী হয়ে রামাইয়া বিপুল ব্যবধানে জয়লাভ করেন। অপরটিতেও কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন।
কানাড়া, তামিল ভাষার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী সিনেমার রূপালি পর্দা থেকে রাজনীতিতে পা রেখেই বড় সাফল্য পেলেন। দক্ষিণের সুন্দরী এই অভিনেত্রী তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেডিইউ প্রার্থী সি এস পুট্টারাজুর বিরুদ্ধে ৬৭ হাজার ৬১১ ভোটে জয়লাভ করেন। কর্নাটকের এই সুন্দরী অভিনেত্রী চলচ্চিত্রাঙ্গনে ‘স্বর্ণ বালিকা’ হিসেবে পরিচিত। ২০০৩ সালে তিনি প্রথম চলচ্চিত্রে নাম লেখান। জনপ্রিয় এই তারকা ২০১১ সালে ব্যাঙ্গালোর যুব কংগ্রেসে যোগ দেন। বিধানসভা নির্বাচনে তিনি দলের পক্ষে প্রচারযুদ্ধে ব্যাপক আলোড়ন তুলতে সক্ষম হন। তার দক্ষতায় বিজেপিকে হারাতে সক্ষম হয় কংগ্রেস। -আইএএনএস
