আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন সম্ভব

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:৫৪
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার ও বিরোধীদলের মধ্যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন সম্ভব। দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। নোয়াখালীতে চাটখিল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গতকাল রবিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসাবে দেশের ১২৮টি উপজেলায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার স্থাপিত হচ্ছে। এ সেন্টারের মাধ্যমে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। চাটখিল উপজেলা পরিষদ সভা কক্ষে নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. চাহেল তস্তরী প্রমুখ।