নিউজিল্যান্ডের মসজিদে বন্দুকধারীর হামলার পর তুমুল সমালোচনার মুখে ফেসবুক লাইভের নিয়মাবলী কঠোর করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। অনলাইন সহিংসতা ঠেকানোর প্রশ্নে বিশ্বনেতারা যখন বৈঠকে মিলিত হতে যাচ্ছেন, তখনই এ কথা জানালো ফেসবুক।
এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, লাইভ বা সরাসরি সম্প্রচার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের জন্য ‘ওয়ান-স্ট্রাইক’ নীতি প্রণয়ন করছে। এর আওতায় কোনো গ্রাহক যদি সাইটের যেকোনো জায়গায় কোম্পানিটির গুরুত্বপূর্ণ নীতি ভঙ্গ করে এবং শাস্তির আওতায় থাকে, তবে সে গ্রাহকের জন্য ফেসবুক লাইভ ব্যবহারের সুযোগ সাময়িক নিষিদ্ধ থাকবে। প্রথম দফায় অপরাধ সংঘটনকারীদের নির্দিষ্ট সময়ের জন্য লাইভ ব্যবহার করতে দেওয়া হবে না। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন নিয়মের আওতায় কোনো বন্দুকধারীর পক্ষে তার অ্যাকাউন্ট থেকে লাইভ করা সম্ভব হবে না।
ফেসবুকের নতুন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। নিউজিল্যান্ডের মসজিদে হামলার পর তিনি অনলাইনে সন্ত্রাসী ও সহিংসতামূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কিছু পরিকল্পনা হাতে নেন তিনি। গত বুধবার প্যারিসে সাতটি দেশের মন্ত্র পর্যায়ের প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে যোগ দেবে গুগল, ফেসবকু, মাইক্রোসফট ও টুইটারের কর্মকর্তারা। সেখানেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন জেসিন্ডা।
