বিটিসিএল এমডিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২৩:০৫
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস ও এম কলিমুল্লাহ ও সাবেক তিন এমডিসহ মোট ২২ জনের বিরুদ্ধে চারটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ চারটি মামলায় প্রায় ৬১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে কমিশন মামলার এ অনুমোদন দেয়। চলতি সপ্তাহের যেকোনো দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুদক। অভিযোগে বলা হয়, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত বিটিসিএল ও এরিকসনের প্রতারক চক্র ভয়েস ?ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) মাধ্যমে আন্তর্জাতিক কলের রেকর্ড গায়েব করে অন্তত ৬১০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক অর্থ থেকে সরকারকে বঞ্চিত করেছে। এ টাকা প্রচারক চক্র আত্মসাত করেছে। অনুসন্ধান সংশ্লিষ্ট দুদকের এক কর্মকর্তা জানান, বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ টেলিফোন কলের ডাটা মুছে ফেলার অভিযোগ পেয়ে গত বছর দুদক অনুসন্ধানে নামে। বিটিসিএল ও ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তারা দেখতে পান বিটিসিএলের আন্তর্জাতিক এক্সচেঞ্জের আইটিএক্স-৫ এবং আইটিএক্স-৭ থেকে যে সংখ্যক কল পাঠানো হয়েছে তা সঠিকভাবে রেকর্ড না করে কল ডাটা মুছে ফেলা হয়েছে। এ জালিয়াতির কারণে প্রকৃত ইনকামিং কলের তুলনায় আইটিএক্সে প্রদর্শিত কল ডাটার পরিমাণ অনেক কম। এতে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে মনে করছে দুদক। এরপর প্রাথমিক অনুসন্ধান শেষে গত জুন মাসে অনুসন্ধান টিম কমিশনে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে তথ্য-প্রমাণসহ অপরাধের ধারা উল্লেখ করে বিটিসিএলের এমডিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করা হয়। যাচাই-বাছাই শেষে গতকাল রবিবার মামলার অনুমোদন দেয় দুদক। দুদকের এক কর্মকর্তা আরো বলেন, এরিকসন বাংলাদেশ লিমিটেডের সরবরাহ করা সফটওয়্যার ব্যবহূত হচ্ছে বিটিসিএলের ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জ (আইটিএক্স)-৫ ও আইটিএক্স-৭ সাব-এক্সচেঞ্জে। সফটওয়্যারটি সংরক্ষণ করছিল এরিকসন বাংলাদেশ। এর ফলে তাদের সহায়তা নিয়েই বিটিসিএলের একটি চক্র কল-ডাটা রেকর্ডের (সিডিআর) ক্ষেত্রে এ ধরনের দুর্নীতি করেছে। দুর্নীতির এ চারটি মামলার সম্ভাব্য আসামিরা হলেন বিটিসিএলের বর্তমান এমডি এসওএম কলিমুল্লাহ, সাবেক এমডি মো: খবিরুজ্জামান, আফসারুল আলম ও ড. আবু সাঈদ খান। এছাড়া বিটিসিএলের অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এডিই রোনেল চাকমা, বদিউল আলম, ডিই হাবিবুর রহমান প্রামাণিক, জিএম (ওটিআর) আনোয়ারুল মামুন, সাবেক সদস্য প্রকৌশলী মোহাম্মদ তৌফিক প্রমুখ। এর বাইরে রয়েছেন এরিকসন বাংলাদেশ লিমিটেডের কন্ট্রাক্ট ম্যানেজার আসিফ জাহিদ, রিলেশন ম্যানেজার নজরুল ইসলাম এবং প্রকৌশলী মাসরুরুল হাকিম। দুদক সূত্র জানায়, বিটিসিএলের ভিওআইপি কেলেঙ্কারির বিষয়ে দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমানের নেতৃত্বে একটি টিম অনুসন্ধান করছেন।