মুম্বাইয়ে তরুণী আলোকচিত্র সাংবাদিককে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সর্বশেষ পাষণ্ডকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত এই ব্যক্তির নাম কাসিম বাঙ্গালী। এই ঘটনায় যে পাঁচ জনকে অভিযুক্ত করা হয়েছে কাসিম তাদের মধ্যে বয়সে সবচেয়ে বড় এবং সে ওই তরুণীকে দুইবার ধর্ষণ করে। এখানেই শেষ নয়, গণধর্ষনের পর ওই তরুণীকে দিয়েই ধর্ষনের আলামত নষ্ট করা হয়। ধর্ষনের স্থান সাফ সুতোর করে তারপর মোবাইল ক্যামেরায় তার নগ্ন ছবি ধারন করে তাকে তাড়িয়ে দেয়া হয়। কাসিমের গ্রেফতারের সাথে পাঁচজনের সবাই ধরা পড়ল। খবর পিটিআই ও এনডিটিভির।
ঘটনার তদন্তকারী অপরাধ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘কাসিম বাঙ্গালীকে শহর থেকে আটক করে গ্রেফতার দেখানো হয়েছে।’ তাকে বিকৃত মানসিকতার পুরুষ বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী এক পুরুষ সহকর্মীর সঙ্গে মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকায় মহালক্ষ্মী রেল স্টেশনের কাছে শক্তি মিল নামে একটি পরিত্যক্ত জুটমিলের খবরের ছবি তোলার জন্য গেলে ওই পাঁচ দুর্বৃত্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতাকে একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। তার অবস্থা উন্নতির দিকে।
