নির্বাচন নিয়ে সংসদের বাইরে আলোচনায় কোন লাভ হবে না :নাসিম

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২৩:০৬
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সংসদের বাইরে আলোচনা করে কোন লাভ হবে না। এ নিয়ে বিরোধী দলের কোন বক্তব্য বা প্রস্তাব থাকলে তা সংসদে এসে উত্থাপন করতে হবে। তিনি বিদেশি বন্ধুদের নির্বাচন পদ্ধতি নিয়ে কথা না বলে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কিনা তা পর্যবেক্ষণের আহবান জানান। গতকাল রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব ও বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি উপেক্ষা করেছিলেন। এ নিয়ে দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠে। তখন স্যার নিনিয়ান এসেছিলেন সংকট নিরসনের জন্য। কিন্তু বিএনপির একগুয়েমি মনোভাবের কারণে সমাধান মেলেনি। এখনো বিএনপি একই মনোভাব পোষণ করছে। কাজেই বিদেশিদের মধ্যস্থতায় আলোচনায় কোন ফল আসবে না। তিনি বলেন, আপনারা আমাদের বন্ধু, আমরা জানি আপনারা আমাদের নিয়ে উদ্বিগ্ন। আসুন দেখে যান বিরোধী দল কিভাবে নৈরাজ্য করছে। আলোচনার পথ বিরোধী দলের নেতা বেগম জিয়াই রুদ্ধ করেছেন। তারপরও আলোচনা হতে পারে। তবে এই আলোচনা সংসদে খোলামেলাভাবে হবে। আর গোপন আলোচনার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য, একেএম রহমত উল্ল¬াহ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন ও মাহফুজুল হায়দার চীেধুরী রোটন, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক , সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।