থ্রিজি প্রযুক্তির লাইসেন্স প্রাপ্তরা বরাদ্দকৃত স্পেকট্রাম ব্যবহার করে ফোরজি বা এলটিই প্রযুক্তিতেও সেবা দিতে পারবেন। থ্রিজি’র লাইসেন্সের পর নতুন করে ফোরজি’র জন্য নিলাম হবে না। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্কের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে মতবিনিয়মকালে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণের কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস। তিনি থ্রিজি নিলামে অংশ নেয়ার জন্য আবেদনকারী পাঁচ মোবাইল অপারেটরের আর্নেষ্ট মানি জমা দেয়ার সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দেন। পরে জানা গেছে, আর্নেষ্ট মানি জমা দেয়ার জন্য তিন তিন সময় বাড়ানো হয়েছে। ২৬ আগষ্ট আর্নেষ্ট মানি জমা দেয়ার শেষ দিন থাকলেও তা বাড়িয়ে ২৯ আগষ্ট করা হয়েছে। তবে নিলামের তারিখ ৮ সেপ্টেম্বর বহাল রয়েছে। বিটিআরসি সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিয়ম সভায় বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের মহাপরিচালক, পরামর্শক এবং টিআরএনবি’র সদস্যরা উপস্থিত ছিলেন। বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, টেলিযোগাযোগ প্রযুক্তি খাতের নিয়ন্ত্রক সংস্থার লক্ষ্য সুলভে উন্নত প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। এ কারণে পার্শ্ববর্তী দেশ ভারতসহ উন্নত দেশগুলোর আদলে লাইসেন্সিং এর ক্ষেত্রে ‘টেকনোলজি নিউট্রালিটি’ নীতি গ্রহণ করছে। এ নীতির আলোকে থ্রিজি প্রযুক্তির জন্য লাইসেন্স প্রাপ্তরা বরাদ্দপ্রাপ্ত স্পেকট্রাম ব্যবহার করেই ফোরজি বা এলটিই প্রযুক্তিতে সেবা দিতে পারবে। এ জন্য নতুন করে আর নিলাম অনুষ্ঠিত হবে না। থ্রিজির জন্য নির্ধারিত ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ ছাড়াও টুজি’র ব্যবহূত ৯০০ এবং ১৮০০ মেগাহার্টজ তরঙ্গও এই সেবার জন্য ব্যবহার উন্মুক্ত থাকবে। থ্রিজি নিলামের তারিখ আবারও পেছানো হবে কিনা জানতে চাইলে বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, এই তারিখ পোছানোর সম্ভাবনা নেই। ৮ সেপ্টেম্বরই নিলাম অনুষ্ঠিত হবে। সিম কার্ড প্রতিস্থাপনের ভ্যাট পরিশোধ নিয়ে রাজস্ব বোর্ডের সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের সৃষ্ট জটিলতাও এই সময়ের মধ্যে নিরসন হবে বলে মনে করেন তিনি।
মোবাইল ফোন অপারেটর, আএসপি প্রেভাইডারসহ টেলিকম খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবার গুণগত মান (কোয়ালিটি অব সার্ভিস) নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিটিআরসি’র চেয়ার্যম্যান বলেন, গ্রাহক পর্যায়ের সেবার মান নিয়ে অসংখ্য অভিযোগ আছে। বিষয়টিতে বিটিআরসি যথাযথভাবে এতদিন যথাযথভাবে নজর দিতে পারেনি। তবে বিষয়টি এখন খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। থ্রিজি’র নিলাম শেষ হওয়ার পর বিটিআরসি অপারেটরদের প্রদত্ত সেবার গুণমত মান নিশ্চিত করার বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।
