ইতালিয়ান কিশোরকে হঠাত্ পোপ ফ্রান্সিসের ফোন কল!

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২৩:০৯
কাউকে যদি হঠাত্ করে কোনো দেশের প্রেসিডেন্ট ফোন করেন তাহলে ওই ব্যক্তির যে আনন্দের সীমা থাকবে না একথা বলাই বাহুল্য। আর বিশ্বের অন্যতম ধর্মীয় নেতা যাকে প্রেসিডেন্টরাও সম্মানিত মনে করেন সেই পোপ যদি কোনো কিশোরকে ফোন করেন তাহলে ওই কিশোরের মনের অবস্থাটা কি হবে! আর সেটাই হয়েছে ইতালিয়ান এক কিশোরের। কারণ তার কাছে পোপের ফোন এসেছিল। ইতালির পাদুয়া নামক এলাকার বাসিন্দা কিশোর স্টিফানো ক্যাবিজা জানায়, গত বৃহস্পতিবার তার কাছে পোপ ফ্রান্সিস ফোন করেছিলেন যেটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। তারা দুইজন আট মিনিট ধরে আলাপ করেছেন। ক্যাবিজা জানায়, পোপের সঙ্গে সে যীশু এবং খ্রিস্ট ধর্মের আদি প্রচারকদের মধ্যকার সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। তারা দুইজন এ বিষয়ে একমত হয়েছেন যে, যীশু এবং প্রচারকরা সবাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। পোপ তাকে বলেছেন, যীশু এবং ধর্মীয় প্রচারকরা আমাদের মতোই একে অপরের বন্ধু ছিলেন, জানায় ক্যাবিজা। -ইউপিআই।