চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রদল কর্মী অপহরণ, ছাত্রলীগের সশস্ত্র হামলা ও নির্যাতনের প্রতিবাদে নগরীতে গতকাল রবিবার শোডাউন করেছে মহানগর ছাত্রদল। তারা সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিশাল এ মিছিলটি কেবি ফজলুল কাদের চৌধুরী সড়ক ধরে চকবাজার মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা চমেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা গত শনিবার বিকালে ছাত্রদলের ২ কর্মীকে অপহরণের পর ছাত্র সংসদ কার্যালয়ে নিয়ে ৪ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে বলে অভিযোগ করেন। তারা দাবি করেন, এ ঘটনার প্রতিবাদে বের হওয়া মিছিলে ককলেট হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সমাবেশে ছাত্রদল নেতারা হামলাকারীদের গ্রেফতার ও চমেক থেকে বহিষ্কার করতে প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, এ ঘটনার প্রতিবাদেই সমাবেশ করে মহানগর ছাত্রদল। এদিকে কর্মী অপহরণ ও মারধর নিয়ে ছাত্রদলের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সিএমপির সহকারি কমিশনার (পাঁচলাইশ জোন) শাহ আব্দুর রউফ এ ধরনের কোনো অভিযোগ পাননি বলে ইত্তেফাককে জানান। উল্লেখ্য, গত ২১ জুলাই নতুন কমিটি ঘোষণার পর এটি ছিল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বড় ধরনের প্রথম সমাবেশ।
