বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী নিখোঁজের পর বিশ্বনাথে পুলিশের সাথে বিএনপি ও গ্রামবাসীর সংঘর্ষের মামলায় বিএনপির ৯৮ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক হাবিবুর রহমান চৌধুরী তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান পাটওয়ারী রিপন জানান, মামলার চার্জশিটভুক্ত ৩১৬ জন আসামির মধ্যে ৯৮ জন জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে ৯১ জন আদালতে উপস্থিত ছিলেন। জামিন না-মঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইলিয়াস আলীর ব্যক্তিগত সহকারী মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খান এবং লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন ধলা।
অন্যদিকে ঐ দিনের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অপর একটি মামলায় ৭৩ বিএনপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মহানগর বিএনপির সভাপতি এমএ হক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী এক যুক্ত বিবৃতিতে বিএনপির এসব নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
ইলিয়াস আলী নিখোঁজের পর তার সন্ধান দাবিতে গত বছরের ২৩ এপ্রিল পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে ১২০ জনের নামোল্লেখ এবং বিএনপির অজ্ঞাত চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করে।
