অনলাইন জায়ান্ট অ্যামাজনের একটি ডাটা সেন্টারে সফটওয়্যার বিষয়ক কিছু সমস্যার কারণে জনপ্রিয় সব ওয়েব সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফেসবুকের ছবির অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম, টুইটারের ভিডিও সার্ভিস ভাইন ছাড়াও নেটফ্লিক্স, এয়ারএনবি, ক্লাউড সার্ভিস হিরোকু, ইফটিটিটি’র মতো সব জনপ্রিয় ওয়েব সেবা আক্রান্ত হয়েছে অ্যামাজনের এই সমস্যার কারণে। গত রবিবার বেশ কয়েকঘণ্টার জন্য এই অ্যাপ্লিকেশন এবং ওয়েব সার্ভিসগুলোতে প্রবেশ করতে পারেনি এর ব্যবহারকারীরা। সমস্যাটি প্রথম স্বীকার করে ফেসবুকের ছবির অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম। এদের টুইটার ফিডে তারা জানায়, ‘আমরা জানতে পেরেছি অনেকেই আমাদের সেবা গ্রহণ করতে পারছেন না বা সেবা নিতে সমস্যায় পড়ছেন। আমরা দ্রুত এই সমস্যা দূর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ কাছাকাছি সময়ের মধ্যেই আক্রান্ত অন্যান্য সার্ভিসগুলোও অনভিপ্রেত সমস্যার কারণে নিজ নিজ ব্যবহারকারীদের কাছে ক্ষমাপ্রার্থনা করে। এই অ্যাপ্লিকেশন এবং সার্ভিসের সবগুলোই অ্যামাজনের ক্লাউডনির্ভর নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। এসব সার্ভিস ও অ্যাপ্লিকেশনে সমস্যা দেখা যাওয়ার পর থেকেই সমস্যা সূত্রপাতের সন্ধান শুরু হয়। পরে উত্তর ভার্জিনিয়ায় অ্যামাজনের একটি ডাটা সেন্টারে সমস্যা খুঁজে পাওয়া যায়। গত রবিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম জোন) বিকাল চারটার দিকে প্রথম এই সমস্যাটি দেখা দেয়। ওই সময়ে আক্রান্ত অ্যাপ্লিকেশন এবং ওয়েব সার্ভিসগুলোর ওয়েবপেজে অনেকেই লগ-ইন করতে পারেননি। অনেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতেও প্রবেশ করতে পারেননি। কেউ কেউ ওয়েবপেজে ঢুকতে পারলেও তাতে নিজের কাজগুলো করতে সক্ষম হননি। ভার্জিনিয়ার ডাটা সেন্টারে সমস্যা খুঁজে পাওয়ার পর দ্রুতই এটি নিরসনে তত্পর হয় অ্যামাজন। পরে অ্যামাজন জানায়, ডাটাবেজ ও সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছিল। ‘নেটওয়ার্কিং ডিভাইস আংশিকভাবে অচল হয়ে যাওয়া’র কারণে এই সমস্যা দেখা দেয় বলে জানায় অ্যামাজন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য অবশ্য তারা জানায়নি। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেও উত্তর আমেরিকায় অ্যামাজনের একটি স্টোর আধাঘণ্টার জন্য নেটওয়ার্কের বাইরে চলে যায়।
