নভোথিয়েটারে কর্মশালা

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ১৯:৩০
সকলকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখেই সম্প্রতি নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পারফরম্যান্স ইন্ডিকেটর নির্ণয় ব্যবস্থা’ সম্পর্কিত কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন নভোথিয়েটারের মহাপরিচালক আরশাদ হোসেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ নেন। এ সময় বর্তমানে নভোথিয়েটারের যে ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই)’ বিবেচনা করা হয়, তা পরিবর্তনের প্রয়োজন বলে আলোচনায় উঠে আসে। পাশাপাশি নভোথিয়েটারের দর্শক সংখ্যা বৃদ্ধি, তথ্য ও চিত্র, বই-সাময়িকী প্রভৃতির সংখ্যা বাড়ানো, স্কুল-কলেজের সঙ্গে নেটওয়ার্ক বৃদ্ধি, নিজস্ব অর্থায়নে পরিচালনার অগ্রগতি প্রভৃতি দিকে নজর দেওয়ার বিষয়ে সুপারিশ করেন বক্তারা।