গত দশদিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৯ পয়েন্ট বাড়ার মধ্য দিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। তবে গতকাল সূচক কিছুটা কমে মূল্য সংশোধন হয়েছে। সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন দর বৃদ্ধির পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে। ফলে সূচক কমেছে। এটি সূচকের স্বাভাবিক গতি।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল বাজারে মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই সূচক কমেছে। দ্রুত ও স্বল্প হলেও মুনাফা তুলে নেয়ার প্রবণতায় সূচক কমলেও এটি নেতিবাচক নয়। এদিকে বড় মূলধনী কোম্পানিগুলোর দর পতনের ফলেই বাজারে সূচক কমেছে। এদিকে সূচক বাজারে সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে প্রায় সাড়ে ২৬ শতাংশ। এদিকে দর বৃদ্ধির ক্ষেত্রে বাজারে এগিয়ে ছিল জীবন বীমা খাত। এ খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে প্রায় সাড়ে ৪ শতাংশ। আর দর কমার ক্ষেত্রে এগিয়ে ছিল খাদ্য, টেলিকমিউনিকেশন এবং জ্বালানি খাত।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২১৭ কোটি ৮৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
এদিকে আগামী তিন নভেম্বর থেকে লেনদেন নিষ্পত্তির নতুন সময়সীমা (টি-২) চালু করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। নতুন এ পদ্ধতি চালু করার আগে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলক লেনদেন বা মক ট্রেডিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সিএসইর ব্রোকারেজ হাউসগুলোতে এ মক ট্রেডিং চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসময় নতুন লেনদেন নিষ্পত্তির সময়সীমা চালু করতে ব্রোকারদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো সমস্যা পাওয়া যায় তবে তা তাত্ক্ষণিকভাবে সমাধান করা হবে। প্রসঙ্গত, সেটেলমেন্ট সাইকেল টি-৩ অনুযায়ী একজন বিনিয়োগকারী শেয়ার কিনলে চার দিনে টাকা হাতে পেতেন। সেটেলমেন্ট সাইকেল টি-২ করলে বিনিয়োগকারীরা এক দিন আগে টাকা পাবেন। এতে শেয়ারের দাম বৃদ্ধিতে কারসাজি রোধ, লেনদেনের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত পাবেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
