নাটোর পৌর কর্তৃপক্ষ সমীপে

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:৩৬
নাটোর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন বাটার গলি। উত্তরা প্লাজার ঠিক উল্টোদিকে গড়ে ওঠা এই গলির অতি সন্নিকটে একটি নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকির অভাবে এলাকাটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বাসিন্দারা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। চলাচলের কোনো রাস্তা না থাকায় মানুষজনকে অন্যের জমি ব্যবহার করে এমনকি কারো কারো বাড়ির উঠোনের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থাও কিছুটা একইরকম। বৈদ্যুতিক খুঁটির অভাবে বাঁশের খুঁটি ব্যবহার করে অনেক বাড়িতে বিদ্যুত্ সরবরাহ করা হয়ে থাকে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে এলাকাটি একটি ঘিঞ্জি বস্তিতে পরিণত হবে। তাই নাটোর পৌর কর্তৃপক্ষ সমীপে বিনীত আবেদন এই যে, ঐ এলাকায় অগ্রাধিকারভিত্তিতে একটি রাস্তা নির্মাণের ব্যবস্থা করুন। জালাল উদ্দিন, সহকারী শিক্ষক, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নাটোর