স্লোভেনিয়ায় এক নারীকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রথম দেশটিতে কোনো নারী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এই ঘটনা প্রথম। খবর এপি ও রয়টার্সের
গতকাল মঙ্গলবার মেজর জেনারেল আলেঙ্কা আরমেনককে (৫৫)) স্লোভেনিয়ার আর্মড ফোর্সেস এর চীফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব দিয়েছে দেশটির সরকার। আজ বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। গত সপ্তাহে তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। আলেঙ্কা আরমেনক মেজর জেনারেল অ্যালেন গ্যাডফেরের স্থলাভিষিক্ত হবেন। আলেঙ্কা আরমেনক উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্যাডফেরের আগের সেনাপ্রধান ন্যাটো বাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেননি। তাই তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বোরুত পাহোর আশা প্রকাশ করেছেন, আলেঙ্কা আরমেনক স্লোভেনিয়ার সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে এবং ন্যাটো বাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন। ২০ লাখ মানুষের দেশে সাড়ে সাত হাজার সৈন্য রয়েছে। ১৯৯১ সাল থেকে স্লোভেনিয়ার সেনাবাহিনীতে কর্মরত আছেন আলেঙ্কা আরমেনক। সেবছরই যুগোস্লোভিয়া থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। লন্ডনের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ ও কিংস কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।
