জেলা শহরে আবাসিক গ্যাস সংযোগ দেয়ার লক্ষ্যে গতকাল রবিবার থেকে গ্রাহক ফরম বিক্রয় শুরু হয়েছে। অগ্রণী ব্যাংকের ভোলা শাখায় প্রথম দিনেই হাজারো গ্রাহকের ভিড় সামলাতে ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ হিমসিম খেয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে গ্রাহকদের উপস্থিতির হারও বাড়তে থাকে। এসময় ভিড় থেকে জটলা তৈরির কারণে ফরম বিতরণ বিঘ্নিত হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে পুলিশ এসে মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মাত্র দুই হাজার গ্রাহককে ফরম দেয়া হবে—এমন গুজব ছড়ানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে ব্যাংক কর্তৃপক্ষ জানান, ফরম বিতরণ অব্যাহত থাকবে। তবে সুন্দরবন গ্যাস কোমপানি লিমিটেড এ ব্যাপারে কোন মাইকিং ও প্রচারের ব্যবস্থা না নেয়ায় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার আনুষ্ঠানিক ভোলা টাউন হলে উদ্বোধনী সভা ও জৈনপুরী পীর সাহেবের খানকা শরীফে গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে গৃহস্থালি গ্যাস সরবরাহ শুরু হবে। ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড থেকে ভোলা শহরের ২০ কিমি. এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে।
