দুর্বল হয়ে পড়েছে ৭টি বেইলী সেতু

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২২:৩৫
জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়হারা মোড় থেকে জগন্নাথপুর উপজেলা সদর পর্যন্ত বেইলি সেতুগুলো দুর্বল হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় যান চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২৬ কিলোমিটার জুড়ে জোড়াতালি দেয়া ৭টি বেইলি সেতুর পাটাতন দুর্বল ও এপ্রোচের মাটি বিধ্বস্ত হওয়ায় এসব ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সংশ্লিষ্ট দপ্তর মাঝে-মধ্যে তদারকি করলেও সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার ফলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশংকা রয়েছে। জোড়াতালি দেয়া বেইলি ব্রিজগুলো হচ্ছে আক্তাপাড়া বাজার সংলগ্ন সেতু, ভমভমি হাওরের সেতু, কোন্দানালা সেতু, দারাখাই সেতু, কলকলিয়া সেতু, খাশিলা সেতু ও মজিদপুর সেতু। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র এ সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে। বেইলি সেতুগুলোর এপ্রোচ বিধ্বস্ত থাকায় এবং সেতুগুলোর পাঠাতন দেবে যাওয়ায় যানবাহনের ইঞ্জিন বিকল ছাড়াও আতংকের মধ্যে সেতু পারাপার হচ্ছেন যাত্রীরা ।