টাকা তুলতে গিয়ে এটিএম নিয়েই চম্পট

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:০৫
শিক্ষার্থী কিংবা শিক্ষক উভয়ের জন্য প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ দেয়া হয় কাজ সহজ করতে কিংবা সমস্যার সমাধানে। এতদিন হয়তো শিক্ষক-শিক্ষার্থী কিংবা পেশাগত দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কিন্তু এবার চোরদেরও প্রশিক্ষণ দিতে হবে! কারন এতে কর্তৃপক্ষেরই সুবিধা। এটিএম বুথ থেকে টাকা তোলার পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হয়। টাকা তুলতে গেলে এ বাটন, ও বাটন করে নানা বাটনে চাপ দিতে হয়। কিন্তু এইসব নিয়ম-কানুন সাধারণ গ্রাহকরা মেনে চলতে পারেন। চোরের এসব নিয়ম মানার কি দরকার! তাই মানেওনি ইংল্যান্ডের তিন চোর। লিভারপুল পুলিশ জানিয়েছে, তারা তিনজন চোরকে খুঁজছেন যারা ন্যাটওয়েস্ট ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) নিয়ে ভেগেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তিনজন মিলে অনেকক্ষণ মেশিনটির কাছে কিছু একটা করছিল। তবে বোঝার উপায় ছিলনা যে তারা চুরি করছে। পরে তাদেরকে এটিএম মেশিন টেনে গাড়িতে তুলতে দেখা যায়! ওই প্রত্যক্ষদর্শী বলেন, হয়তো তারা টাকা তোলার পদ্ধতি সম্পর্কে জানে না। তাই ঝামেলার মধ্যে না গিয়ে মেশিনটিই নিয়ে গেছে! তাই তাদের পূর্বে প্রশিক্ষণ দেয়া হলে হয়তো কিছু টাকা নিয়ে তারা চলে যেত।